চুয়াডাঙ্গায় আড়াই কেজি স্বর্ণসহ আটক ২

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৫, ১৯:৪৭
চুয়াডাঙ্গার  সীমান্তবর্তী নাস্তিপুর গ্রামে দুই কেজি ৪০০ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়েছে। এ সময় একটি মোটরসাইকেলসহ দুইজনকে আটক করা হয়েছে। আটক স্বর্ণের মূল্য দুই কোটি ২২ লাখ চার হাজার ৫০ টাকা। আটকরা হলেন, দামুড়হুদা উপজেলার নাস্তিপুর গ্রামের কাওসার (৪০) ও একই গ্রামের আনিসুর রহমান (৩৮)।
 
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক এসএম মনিরুজ্জামান জানান, সোমবার সকাল সাড়ে নয়টার দিকে গোপন খবরের ভিত্তিতে একদল বিজিবি নাস্তিপুর গ্রামের রাস্তায় অবস্থান নেয়। এ সময় ওই রাস্তা ধরে মোটরসাইকেলে করে দুই ব্যক্তি সীমান্তের জিরো পয়েন্টের দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটির গতিরোধ করে বিজিবি তাদের দেহ তল্লাশি চালিয়ে এসব স্বর্ণ জব্দ করে। এ সময় তাদেরকে আটক করে মোটরসাইকটি জব্দ করা হয়।
 
দামুড়হুদা মডেল থানায় আটকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।