রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকায় ট্রেনে কাটা পড়ে শাকিলা খাতুন (১৮) নামে এক তরুণী নিহত হয়েছেন।
সোমবার বিকেল তিনটা ১০ মিনিটের দিকে নতুন বুধপাড়া এলাকায় বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। তিনি পশ্চিম বুধপাড়ার জনৈক শহিদুল ইসলামের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী থেকে চিলাহাটাগামী আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে শাকিলার দেহ কয়েক টুকরো হয়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এরপর র্দীঘসময় তার লাশ সেখানে পড়েছিল। পরে রাজশাহী জিআরপি সদস্যরা গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে পরিবারের কাছে হস্তান্তর করেন।
শাকিলার বাবা শহিদুল ইসলাম জানান, তার মেয়ে মানসিক ভারসাম্যহীন ছিলেন। রাজশাহীর জিআরপির উপ-পরিদর্শক (এস.আই) মুমিন বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেয়া হয়েছে।
