চট্টগ্রামের ‘সীতাকুণ্ড প্রেস ক্লাবে’ হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকাল তিনটায় প্রেসক্লাব ভবনে সংগঠনের আহ্বায়ক এম হেদায়েতের সভাপতিত্বে ও সদস্য সচিব সৌমিত্র চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় পাঁচ দফা আল্টিমেটাম ঘোষণা করা হয়েছে।
এগুলো হলো, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তা দিতে হবে, সন্ত্রাসীরা গ্রেফতার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গ সংগঠনের ইতিবাচক সকল সংবাদ বর্জন করা হবে, আসন্ন পৌরসভা নির্বাচনে দায়িত্ব পালনে সাংবাদিকদের বিশেষ নিরাপত্তা দিতে হবে, সন্ত্রাসী গ্রেফতার না হওয়া পর্যন্ত প্রশাসনেরও ইতিবাচক সংবাদ বর্জন করা হবে এবং ৪৮ ঘণ্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করে নির্বাচন পর্যবেক্ষণের পরিবেশ সৃষ্টি করতে হবে।
প্রতিবাদ সভায় প্রেস ক্লাবের সদস্য সচিব সৌমিত্র চক্রবর্তী (ইনকিলাব, পূর্বকোণ), সৈয়দ ফোরকান আবু (যুগান্তর), এম সেকান্দর হোসাইন (সমকাল), নজরুল ইসলাম (নয়া দিগন্ত), জাহাঙ্গীর আলম বিএসসি (দিনকাল), কাইয়ুম চৌধুরী (সংবাদ প্রতিদিন), জহিরুল ইসলাম (আমার দেশ), মো. দিদারুল হোসেন টুটুল (ইত্তেফাক), লিটন চৌধুরী (সুপ্রভাত বাংলাদেশ), আব্দুল্লাহ আল ফারুক (মানবজমিন), কৃষ্ণ চন্দ্র দাস (প্রথম আলো), শেখ সালাউদ্দিন (বার্তা বণিক), তালুকদার নির্দেশ বড়ূয়া (আমাদের সময়), ইব্রাহিম খলিল (দেশকাল), বিপুল রায় (আজাদী), খোরশেদ আলম (ভোরের পাতা) সহ সাংবাদিক নেতারা বক্তব্য রাখেন।
উল্লেখ্য, রবিবার রাতে সীতাকুণ্ড প্রেস ক্লাবে পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী নায়েক অব. শফিউল আলমের সাংবাদিক সম্মেলন চলাকালে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর সমর্থকরা হামলা চালিয়ে প্রেস ক্লাবে ভাঙচুর চালায়।এ সময় ১০ সাংবাদিক আহত হয়েছেন।
