গাজীপুরে নিহত দুই জঙ্গির পরিচয় মেলেনি

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৫, ২৩:২১
গাজীপুর সিটি করপোরেশনের যুগিতলায় রবিবার রাতে জঙ্গি আস্তানায় র্যাবের অভিযানের সময় নিহত দুই জঙ্গি সদস্যের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। সোমবার বিকালে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে তাদের ময়নাতদন্ত হয়। তবে রাত ৭টা পর্যন্ত তাদের পরিচয় পাওয়া যায়নি। এদের একজনের আনুমানিক বয়স ৩৫ বছর ও অপরজনের বয়স ৩০ বছর। তাদের কোনো স্বজনও হাসপাতাল মর্গে আসেননি।
 
জয়দেবপুর থানার এসআই আব্দুল আজিজ জানান, বিকাল সাড়ে ৩টার দিকে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের উপস্থিতিতে নিহত ওই দুই জঙ্গি সদস্যের লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়। তিনি জানান, দুজনেরই শরীরের বিভিন্ন স্থানে গুলি ও জখমের চিহ্ন রয়েছে। হাসপাতালের আবাসিক চিকিত্সক ডা. আবদুস সালাম সরকারও একই কথা জানান।
 
এদিকে র্যাবের অভিযানের খবর জানাজানি হলে সোমবার সকাল থেকেই আশেপাশের লোকজন ‘জঙ্গি আস্তানা’ ঢাকা বাইপাস সড়কের পাশের যুগিতলায় ভিড় করতে থাকে। সরেজমিন গিয়ে দেখা গেছে, জঙ্গি আস্তানাটি বাইপাস সড়কের বাউন্ডারি ঘেরা ২৬ শতক জমির এক কোনায় অবস্থিত। স্থানীয়রা জানান, ওই জমির মালিক টঙ্গীর বাসিন্দা সাইফুল ইসলাম। ৮-৯ বছর আগে সীমানা প্রাচীর নির্মাণের সময় মালামাল রাখার জন্য আনুমানিক ৮ ফুট বাই ১০ ফুট ঘরটি নির্মাণ করেন। প্রাচীর নির্মাণের পর ঘরটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল। গত কিছুদিন ধরে ঢাকা বাইপাসের ওই স্থানে নিয়মিত যানবাহনে ডাকাতি হতে থাকে। মাঝে মধ্যে ডাকাতরা আশেপাশের বাড়ি-ঘর এবং মসজিদেও হানা দেয়। এলাকাবাসী ঘটনাটি জয়দেবপুর থানা পুলিশকে জানায়। ১৫-১৬ দিন আগে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের জানালা দু’টি খুলে ফেলতে এলাকাবাসীদের বলে। যাতে ঘরে কেউ লুকিয়ে থাকতে না পারে।
 
জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান রেজা জানান, নিহতদের পরিচয় পাওয়া যায়নি। এ সংক্রান্ত কোনো এজাহার সোমবার রাত ৭টা পর্যন্ত র্যাবের পক্ষ থেকে পাওয়া যায়নি। নিহত দুই যুবক রবিবার গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পাওয়া জেএমবির জঙ্গি সদস্য মাহবুব আলম (৩৫) ও হাফেজ মিনহাজুল ইসলাম (৩০) কিনা জানতে চাইলে ওসি বলেন, এ ধরনের ঘটনা তার জানা নেই।
 
র্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ জানান, রবিবার রাতে অভিযানের সময় নিহত দুই যুবক মাহবুব ও মিনহাজুল নয়। জঙ্গি তত্পরতা বিরোধী কার্যক্রমের রুটিন কার্যক্রম হিসেবে কারাগার থেকে মুক্তির পর মাহবুব ও মিনহাজকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল। রবিবার রাতেই তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
 

যুগিতলা এলাকায় একটি পরিত্যক্ত ঘরে জঙ্গি সদস্যরা অবস্থান করছে- এমন গোপন তথ্যের ভিত্তিতে র্যাব সদস্যরা রবিবার রাতে সেখানে অভিযান চালায়। অভিযানের সময় ঘরের ভেতর থেকে র্যাবকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করা হয়। এসময় র্যাব সদস্যরা পাল্টা গুলি চালায়। এতে দুই জেএমবি সদস্য নিহত হয় এবং বোমার স্পিন্টারের আঘাতে র্যাবের এক সদস্য আহত হয়।