শীতকাল মানেই ঘরে ঘরে জমে ওঠে পিঠার উত্সব। আর তাই শীতের কয়েকটি সুস্বাদু পিঠার রেসিপি দিয়েছেন বিশিষ্ট রন্ধনশিল্পী
উম্মে সালিম আলিশবা
ন ক শী পি ঠা
উপকরণ :চালের গুঁড়া দেড় কাপ, লবণ আন্দাজমতো, পানি প্রয়োজনমতো।
সিরার জন্য :গুড়/চিনি ১ কাপ, তেল ভাজার জন্য, পানি প্রয়োজনমতো, খেজুর কাঁটা নকশা করার জন্য।
প্রণালি :প্রথমে চুলায় প্রয়োজনমতো পানি বসিয়ে ফুটে উঠলে তাতে লবণ দিয়ে চালের গুঁড়া দিয়ে কাই করতে হবে। কাই বেশি শক্ত হবে না, আবার নরমও হবে না। তারপর নামিয়ে খুব ভালো করে মথতে হবে। তারপর ছোট মোটা করে রুটি বানিয়ে নিয়ে খেজুর কাঁটা দিয়ে নকশা তুলতে হবে। নকশা তোলার সময় রুটির উপর তেল লাগিয়ে নেবেন। তাতে ডিজাইন করতে সুবিধা হবে। এটি সম্পূর্ণ নিজের উপর নির্ভর করে। বানানো হয়ে গেলে গরম তেলে মাঝারি আঁচে পিঠাগুলো ভেজে সরাসরি গুড়/চিনির গরম সিরায় দিয়ে এ-পিঠ ও-পিঠ উল্টিয়ে দিয়ে কিছুক্ষণ রেখে নামাতে হবে। তৈরি হয়ে গেল মচমচে নকশী পিঠা।
মা ল পো য়া
উপকরণ :চালের গুঁড়া ৩/৪ কাপ, ময়দা ১/২ কাপ, ঘি ২ টেবিল চামচ, তরল দুধ ১ কাপ, লবণ ১/২ চা চামচ, চিনি ২ টেবিল চামচ, বেকিং পউডার ২ চা চামচ, মৌরি ১/২ চা চামচ, ডিম ১টি।
সিরার জন্য :পানি এক কাপ, চিনি দেড় কাপ, গোলাপজল ২ চা চামচ।
প্রণালি :প্রথমে চিনির সিরার উপকরণ মিশিয়ে একটি হাঁড়িতে সিরা তৈরি করে ঢেকে রেখে দিতে হবে। এবার চিনির সিরা তৈরির উপকরণ বাদে বাকি সবকিছু একটি বাতিতে হালকা হাতে মিশিয়ে নিতে হবে। গোলা বেশি পাতলা বা ঘন হবে না। এখন একটি ননস্টিক প্যানে অল্প তেল ব্রাশ করে একটি গর্তওয়ালা চামচ দিয়ে গোলা নিয়ে প্যান এ ঢেলে দিতে হবে। যখন একপাশে বুদবুদ দেখা যাবে তখন উল্টিয়ে দিতে হবে এবং হালকা লাল করে ভেজে নিতে হবে। এভাবে সব পিঠা তৈরি করে নিয়ে হালকা গরম চিনির সিরায় ডুবিয়ে ১ মিনিট রেখে পিঠা তুলে নিতে হবে। এবার গরম গরম মালপোয়া ঠাণ্ডা ফিরনির সঙ্গে পরিবেশন করুন।
গো লা প পি ঠা
উপকরণ :ফুলের জন্য :ময়দা দেড় কাপ, ঘি ১ টেবিল চামচ, তরল দুধ ১ কাপ, লবণ ১/২ চা চামচ।
সিরার জন্য :এলাচ ২/৩টি, পানি এক কাপ, চিনি দেড় কাপ।
প্রণালি :পাতিলে দুধ গরম করে এর মধ্যে লবণ ও ময়দা দিয়ে কাই তৈরি করে চুলা থেকে নামিয়ে একটু ঠাণ্ডা করে ঘি দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে এবং সিরার সব উপকরণ একসঙ্গে অন্য হাঁড়িতে নিয়ে সিরা বানাতে হবে। এখন একটু কাই নিয়ে পাতলা করে বড় একটি রুটি বানিয়ে গোল কাটার দিয়ে ছোট ছোট করে কেটে নিতে হবে। এখন সেই ছোট করে কাটা তিনটি নিয়ে একটির উপর আরেকটি বসাতে হবে। একটি ছুরি দিয়ে মাঝের অল্প অংশ বাদ রেখে তিন দিক থেকে কেটে নিতে হবে। এমনভাবে কাটতে হবে যেন ৩টিই উপর থেকে নিচে বরাবর কাটা হয়। এবার উপরের রুটির কাটা অংশের একটা অংশ ধরে মাঝে এনে আটকে দিতে হবে ফুলের পাপড়ির মতো। এভাবে উপরের রুটিটি দিয়ে গোলাপের ৩টি পাপড়ি হবে। ঠিক একইভাবে সবগুলো পাপড়ি বানালেই দেখতে গোলাপের মতো হবে। এবার ডুবো তেলে পিঠা লাল করে ভেজে চিনির সিরায় ভিজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের গোলাপ পিঠা।
গু ড়ে র পা টি সা প্টা পি ঠা
উপকরণ :পিঠার বাইরের রুটির জন্য চালের গুঁড়া ১ কাপ, ময়দা ১/২ কাপ, সুজি ১/৪ কাপ, গুড় স্বাদমতো, ঘি ১ টেবিল চামচ, কুসুম গরম পানি প্রয়োজনমতো।
ক্ষিরশার জন্য :ঘন দুধ ২ কাপ, গুড় স্বাদমতো, সুজি/চালের গুঁড়া ১ টেবিল চামচ, এলাচ ২/৩টি, লবণ ১ চিমটি।
প্রণালি :খিরসার উপকরণ বাদে বাকি সবকিছু ভালোমতো মিশিয়ে নিতে হবে যেন গোলাটি মসৃণ হয়। খেয়াল রাখবেন, গোলা যেন একেবারে পাতলা বা বেশি ঘন না হয়। গোলা বানিয়ে রেখে দিন যতক্ষণ পর্যন্ত ভিতরের পুর না বানানো হয়। এবার ক্ষিরশার সব উপকরণ মিশিয়ে চুলায় জাল দিতে থাকুন যতক্ষণ না পর্যন্ত ঘন হয়ে আসে। ঘন হয়ে এলে ঠাণ্ডা করে নিন। এবার চুলায় ১টি ননস্টিক তাওয়ায় তেল ব্রাশ করে নিয়ে গর্তওয়ালা ১টি চামচ দিয়ে গোলা নিয়ে তাওয়ার মাঝে দিয়ে তাওয়া ঘুরিয়ে চারপাশে ছড়িয়ে দিন। এবার রুটির এক কোণায় ক্ষিরশা দিন এবং খুন্তি দিয়ে পাটিসাপ্টা পিঠার ভাঁজ করে দিন। এভাবে সবগুলো পিঠা বানিয়ে নিন এবং পরিবেশন করুন মজাদার পাটিসাপ্টা পিঠা।
