ট্রাকের ‘পেঁয়াজ কুড়াতে গিয়ে’ পিকআপ চাপায় নিহত ৪

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৫, ১৪:১৬
 
সিরাজগঞ্জের ট্রাক থেকে পড়া পেঁয়াজ কুড়াতে গিয়ে পিকআপ ভ্যানের চাপায় চারজন  নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে সলঙ্গা থানার সোনাইমুড়িতে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন, সলঙ্গা থানার নাইমুড়ী দিঘির চালা গ্রামের সোনা তালুকদারের ছেলে  রিয়াজ (৪৫) ও নাইমুড়ী রোয়াপাড়া আজাহার আলীর ছেলে জাহিদুল (২৭), রোয়াপাড়ার কফিল উদ্দিনের ছেলে মনিরুল ইসলাম ও নাইমুড়ীর আব্দুর রাজ্জাকের ছেলে হমিদ শেখ (৪০)।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে কুয়াশার কারণে নাইমুড়ী এলাকায় একটি পেঁয়াজের ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে পেঁয়াজ রাস্তাসহ আশে পাশে ছড়িয়ে পড়ে। এই ছড়ানো পেঁয়াজ কুড়াচ্ছিলেন রিয়াজ ও জাহিদুলসহ আরো কয়েকজন। এসময় অপর একটি পিকআপ ভ্যান রাস্তার উপর দিয়ে যাওয়ার সময় তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিয়াজ ও জাহিদুল মারা যান।  গুরুতর আহতাবস্থায় হাসপাতালে নেয়ার পথে মনিরুল এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামিদের মৃত্যু হয়।
 
এ ব্যাপারে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ের পিকআপটিকে জব্দ করে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।