কমলনগরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৫, ১৭:২৮
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ৫নং চরফলকন ইউনিয়নের চেয়ারম্যান এ এন এম আশরাফ উদ্দিনের বিরুদ্ধে ভিজিএফ এর চাল আত্মসাৎ করার অভিযোগে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় নোয়াখালীর উপসহকারী পরিচালক হোসাইন শরীফ বাদী হয়ে কমলনগর থানায় সোমবার রাত ১০ টায় মামলা দয়ের করেন।
 
মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০১২-২০১৩ অর্থ বছরে  বিশেষ ভিজিএফ কর্মসূচির আওতায় লক্ষ্মীপুর জেলার জাটকা আহরণ থেকে বিরত থাকা মৎসজীবী জেলে পরিবারের মধ্যে, ফেব্রুয়ারি ২০১৩ হতে মে ২০১৩ পর্যন্ত (৪ মাস) প্রদত্ত খাদ্য সহায়তার মূল তালিকায় ৬৩০ জন জেলের মধ্যে ১১৪ জন জেলের নাম একাধিকবার অর্ন্তভুক্ত করে প্রতি জেলের বিপরিতে  ৩০ কেজি হারে ৪ মাসে সর্বমোট ১৩ হাজার ৬ শত ৮০ কেজি বা ১৩.৬৮ মে. টন চাল আত্মসাৎ করেন। দুদকের তদন্তে আরো বেরিয়ে আসে তিনি ‘ভিজিএফ উপজেলা কমিটির’ চেয়ারম্যান অনুমোদিত তালিকা বাদ দিয়ে অপর একটি ভুয়া তালিকা ও মাস্টার রোল তৈরি করে উপজেলা প্রকল্প বাস্তবায়ন  কর্মকর্তার দপ্তরে দাখিল করেন।
 
মামলার সত্যতা স্বীকার করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন আহম্মদ জানান, সোমবার রাত ১০টায় মামলাটি দায়ের হয়। মামলা নং-১২(১২) ২০১৫ইং।