গাজীপুরে র্যাবের জঙ্গি বিরোধী অভিযান পরিচালনা করার ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক আইনে দুইটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাতে র্যাব-১ এর পুলিশ পরিদর্শক (শহর ও যান) মোঃ সেলিম খান বাদি হয়ে জয়দেবপুর থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে এই দুটি মামলা দায়ের করেন।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, র্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে জয়দেবপুর থানাধীন যোগীতলা এলাকায় দক্ষিণপাড়া জামে মসজিদ সংলগ্ন পরিত্যক্ত টিনসেড বিল্ডিংয়ে কতিপয় জঙ্গি সদস্য গোলাবারুদসহ অবস্থান নিয়ে নাশকতার পরিকল্পনা করছে। এর পরিপ্রেক্ষিতে রবিবার রাত সাড়ে এগারটার দিকে জায়গাটিতে ঘিরে ফেলে র্যাব। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে টিনসেড বিল্ডিংয়ের ভিতর থেকে জঙ্গিরা র্যাবকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। এক পর্যায়ে র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এ সময় সেকানে বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া যায়। পরে র্যাবের সদর দফতর থেকে বোমা নিষ্ক্রিয় দল ঘটনাস্থলে পৌঁছে বিল্ডিংয়ে প্রবেশ করে নিরাপত্তা নিশ্চিত করে।
পরে র্যাব সদস্যরা সেখান থেকে একটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি, চারটি অবিস্ফোরিত বোমা, ২৯টি ডেটোনেটর, বোমা তৈরির দুই কেজি বিস্ফোরক, চারটি জিহাদি বই, কিছু মার্বেল, লোহার নাট বল্টু উদ্ধার করে। পরে পরিত্যাক্ত ভবনটির ভিতর থেকে বোমায় ঝলসে যাওয়া ক্ষত বিক্ষত অজ্ঞাত পরিচয়ের দুই যুবকের লাশ উদ্ধার করা হয়।
এদিকে যোগিতলার জঙ্গি আস্তায় উদ্ধারকৃত দুটি লাশের পরিচয় মঙ্গলবার দুপুর পর্যন্ত পাওয়া যায়নি।
