নাশকতার পরিকল্পনার অভিযোগে হবিগঞ্জে জেলা বিএনপির সহ-সভাপতি ও বিএনপি মনোনিত মেয়র প্রার্থী জি কে গউছের প্রধান নির্বাচনী এজেন্ট অ্যাডভোকেট শামছু মিয়া চৌধুরীসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
সোমবার দিবাগত মধ্যরাতে সদর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃত অপর দুজন হচ্ছেন অ্যাডভোকেট সালাউদ্দিন হেলাল ও এবিএম আল-আমিন চৌধুরী।
পুলিশ জানায়, অবাধ সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সোমবার রাত দেড়টায় সদর থানার ওসি মো. নাজিম উদ্দিনের নেতৃত্বে পুলিশ শহরে বিশেষ অভিযান চালায়। অভিযানকালে নাশকতার পরিকল্পনার অভিযোগে শহরের অনন্তপুর এলাকাস্থ নিজ বাসা থেকে অ্যাডভোকেট শামছু মিয়া চৌধুরী, একই এলাকার একটি মেস থেকে এবিএম আল-আমিন চৌধুরী ও শায়েস্তানগর এলাকাস্থ বাসা থেকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নেতা অ্যাডভোকেট সালাউদ্দিন হেলালকে আটক করা হয়। এ ব্যাপারে সদর থানার ওসি নাজিম উদ্দিন জানান, যাচাই বাছাই শেষে আটককৃতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
