আসন্ন পৌর নির্বাচনের আগে নেতা-কর্মীদের কোনো মামলা ছাড়াই আটক করে আদালতে হাজির করার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে মৌলভীবাজার জেলা বিএনপি।
মঙ্গলবার বেলা আড়াইটায় মৌলভীবাজার প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ নাসের রহমান বলেন, আমাদের সক্রিয় নেতা-কর্মীদের কোনো মামলা ছাড়াই আটক করে ৫৪ ধারায় আদালতে হাজির করা হচ্ছে। এতে করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে।
লিখিত বক্তব্যে আরো অভিযোগ করা হয়, ‘সোমবার সন্ধ্যায় ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা আমাদের নেতাকর্মীদের ধরে মারপিট করে থানায় নিয়ে সোপর্দ করছে।’
অভিযোগে বলা হয়, মৌলভীবাজার সদর পৌরসভার ১৪ টিই কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। এগুলোর মধ্যে আওয়ামী লীগ প্রার্থীর বড়হাট আবু শাহ মাদরাসাসহ তিনটি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ। এসব কেন্দ্রে সাংবাদিকদের সর্বক্ষণ উপস্থিতির দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে জেলা বিএনপি সাধারণ সম্পাদক বেগম খালেদা রব্বানী, সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, বিএনপি সদর পৌরসভায় মেয়র প্রার্থী অলিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
