বিএনপির ‘দুর্গে’ আওয়ামী লীগের আধিপত্য

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৫, ১৯:১৮
খাগড়াছড়ি জেলায় বিএনপির ‘দুর্গ’ খ্যাত মাটিরাঙ্গায় শেষ সময়ে পাল্টে গেছে ভোটের হিসাব নিকাস। তফসিল ঘোষণার পর থেকে বিএনপির প্রার্থীদের একচেটিয়া আধিপত্য বজায় থাকলেও গত ৩-৪ দিন ধরে  এ চিত্র পাল্টে গেছে।
 
আর এমন পরিস্থিতিতে বিএনপির প্রার্থী বাদশা মিয়ার অভিযোগ, ‘আওয়ামী লীগের প্রার্থী শামছুল হকের গুন্ডা ও সন্ত্রাসী বাহিনী ঘরে ঘরে গিয়ে ভোটারদের হুককি-ধামকি দিয়ে ভয়ভীতি প্রদর্শন করায় তার সমর্থক ভোটাররা আতঙ্কিত হয়ে পড়েছেন।’
 
অন্যদিকে আওয়ামী লীগের প্রার্থী শামছুল হক বলেছেন, ‘পরাজয়ের ঘণ্টার আওয়াজ শুনে বাদশা মিয়া বেসামাল হয়ে এমন আবোলতাবোল কথা বলছেন।’
 
এদিকে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ন ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে সব প্রস্তুতি রয়েছে। বিজিবি, পুলিশ, আনসার ব্যাটালিয়ন ছাড়াও মঙ্গলবার থেকে সেনাবাহিনীর রুটিন টহল বৃদ্ধি করা হয়েছে।