মুক্তাগাছায় নির্বাচনকে ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৫, ২১:৫৬
ময়মনসিংহ মুক্তাগাছা পৌরসভা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় নিশ্চিত করা হয়েছে। মুক্তাগাছার ইতিহাসে প্রথম বারের মত এমন নিরাপত্তা ব্যবস্থা নেয়ায় সাধারণ ভোটারদের মাঝে স্বস্তি বিরাজ করছে।
এরই মধ্যে মঙ্গলবার বিকালে পৌরসভার ১৭ টি ভোট কেন্দ্রেই ব্যালট পেপারসহ অন্যান্য সরঞ্জাম পৌঁছে গেছে।
মুক্তাগাছা পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩৩ হাজার ৭৫৫ জন। মেয়র পদে পাঁচজন, সাধারণ কাউন্সিলার পদে ৩৩ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নয়টি ওয়ার্ডের ১৭ টি ভোট কেন্দ্রে ৯৭ টি বুথে ১৭ জন প্রিজাইডিং অফিসার, ৯৭ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও এক শ ৯৪ জন পুলিং অফিসার নিয়োগ করা হয়েছে।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আইন-শৃঙ্খলা রক্ষায় প্রতিটি কেন্দ্রে পাঁচজন পুলিশ, পাঁচজন আনসার সার্বক্ষণিক দায়িত্বে থাকবে। ছয়জন ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন। এছাড়া র‌্যাব, বিডিআর, আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা নিরাপত্তা রক্ষায় ভ্রাম্যমাণ স্টাইকিং ফোর্স হিসেবে নিয়োজিত থাকবে।