নির্বাচন কর্মকর্তাদের জন্য বাড়তি নিরাপত্তা

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৫, ২৩:৩২
পৌর নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের জঙ্গি হামলার ‘আশংকায়’ বাড়তি সতর্কতা অবলম্বনের জন্য নির্দেশ দিয়েছে পুলিশ সদর দফতর। গতকাল মঙ্গলবার জেলার পুলিশ সুপারদের এ সংক্রান্ত নির্দেশ প্রদান করা হয়। নির্বাচন উপলক্ষে পুলিশ সদর দফতরে খোলা হয়েছে মনিটরিং সেল। তদারকিতে পুলিশ সদর দফতরের একজন ডিআইজির নেতৃত্বে রয়েছেন ৭ জন এআইজি। একই ভাবে মনিটরিং সেল খোলা হয়েছে  প্রতিটি জেলায়। কোনো এলাকায় কোনো ধরনে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া গেলে মনিটরিং সেলের মাধ্যম্যে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
আজ ৩০ ডিসেম্বর দেশের ২৩৪ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এতে মেয়র পদে ৯২৩ জন ও কাউন্সিলর পদে ১১ হাজার ১২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্য থেকে প্রতিনিধি নির্বাচনে ৭২ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। স্বরাষ্ট্রমন্ত্রী  আসাদুজ্জামান খান কামাল এ প্রসঙ্গে বলেছেন, পৌরসভা নির্বাচনে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশের কিছু নেই। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন কমিশনের অধীনে রয়েছে। নির্বাচন কমিশনের যখন-যেখানে-যেভাবে তাদের প্রয়োজন হবে তারা সেখানে কাজ করবে।
 
পুলিশ সদর দফতরের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, পৌর নির্বাচনের নিরাপত্তায় নির্বাচন কমিশনের নির্দেশেই আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। তবে দেশে সম্প্রতি বেশ কয়েকটি বোমা ও গ্রেনেড হামলার ঘটনা ঘটেছে। আইন-শৃঙ্খলা বাহিনী বেশ কয়েকটি জঙ্গি আস্থানায় হানা দিয়ে অস্ত্র, গুলি, হাতে তৈরি গ্রেনেড ও বিস্ফোরক উদ্ধার করেছে, গ্রেফতার করতে সক্ষম হয়েছে বেশ কয়েকজন জঙ্গিকে। জঙ্গিরা যে আরো হামলা করতে পারে এ আশঙ্কার বিষয়টি মাথায় রেখেইে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে।
 
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গি হামলা নিয়ে কোনো গোয়েন্দা সংস্থা সুনির্দিষ্ট কোনো তথ্য দেয়নি। তবে ইলেকশন একটি বড় কর্মযজ্ঞ। জঙ্গিরা ‘নিউজ’ তৈরি করার জন্য কোনো ঘটনা ঘটাতে পারে। এ জন্য তাদের টার্গেট থাকে কোনো ব্যক্তি। বিষয়টি মাথায় রেখেই গতকাল পুলিশ সদর দফতর থেকে সবাইকে নির্দেশনা দেয়া হয়েছে। এ কারণে নির্বাচনে দায়িত্বপালনকারী রিটার্নিং অফিসারসহ অন্য কর্মকর্তাদের নিরাপত্তার ব্যাপারে সর্বাধিক গুরুত্ব প্রদানের নির্দেশনা দেয়া হয়েছে।
 

আইজিপি একেএম শহীদুল হক বলেছেন, নির্বাচনে মানুষ যাতে নির্বিঘ্ন ও উত্সব মুখর পরিবেশে ভোট কেন্দ্রে যেতে পারে সে বিষয়টি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। নির্বাচনী আচরণ বিধি কোনো ভাবেই যাতে লঙ্ঘিত না হয় সে ব্যাপারে রিটার্নিং অফিসারের নির্দেশ মতো প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।  অন্যদিকে, ঢাকা জেলার পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, দেশের সবচেয়ে বড় পৌরসভা সাভার। তবে সেখানে জঙ্গি হামলার আশঙ্কা না থাকলেও বিভিন্ন ভোট কেন্দ্রে দায়িত্বপালনকারী কর্মকর্তাদের নিরাপত্তার দিকটিকে সর্বাধিক গুরুত্ব দেয়া হয়েছে।