চট্টগ্রামে কঠোর নিরাপত্তায় প্রস্তুত আইন-শৃংখলা বাহিনী

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৫, ০১:৩৪
সারা দেশের সাথে চট্টগ্রামের ১০ পৌরসভায় আজ পৌরসভা নির্বাচন। উদ্বেগ-উত্কণ্ঠার অবসান ঘটিয়ে আনন্দঘন পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশা করছেন নির্বাচন কর্মকর্তারা। এজন্য নির্বাচনী এলাকায় আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা কঠোরভাবে দায়িত্ব পালন করছেন। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে পুলিশের পাশাপাশি বিজিবি, র্যাবও মোতায়েন করা হয়েছে।
 
চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল বাতেন বলেন, আমরা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে যাবতীয় প্রস্তুতি নিয়েছি। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বিজিবিসহ আইন-শৃংখলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন থাকবে। ভোটাররা নির্বিঘ্নে ভোট প্রদান করতে পারবেন।
 
এবার চট্টগ্রামের বারৈয়ারহাট, মিরসরাই, সীতাকুণ্ড, রাউজান, রাঙ্গুনিয়া, সন্দ্বীপ, পটিয়া, চন্দনাইশ, সাতকানিয়া ও বাঁশখালী পৌরসভায় নির্বাচন হচ্ছে। এই দশ পৌরসভায় এবার মেয়র পদে ৩৪ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৭৭ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৩৩৭ জন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
 
জেলা পুলিশ জানিয়েছে, চট্টগ্রামের ১০ পৌরসভার ১৩৩ ভোটকেন্দ্রের মধ্যে ১১৪টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রার্থী ও দলীয় অবস্থান এবং ভৌগোলিক অবস্থান বিবেচনায় এসব কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়। এর মধ্যে রাউজান, বারৈয়ারহাট, মিরসরাই ও চন্দনাইশ পৌরসভার মোট ৫৩টি কেন্দ্রের সবকটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। অপর ছয়টি পৌরসভার ৮০টি ভোট কেন্দ্রের মধ্যে ৬১টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। অবশিষ্ট ১৯টি কেন্দ্র সাধারণ ঘোষণা করা হয়েছে।
 

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার হাফিজ আকতার বলেন, গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) কেন্দ্রগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ১০ পৌরসভায় প্রায় ২ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ সদস্যের পাশাপাশি প্রতিটি পৌরসভায় এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া স্ট্রাইকিং ফোর্স হিসেবে র্যাব নির্বাচনী এলাকায় টহল দিবে।