হাটহাজারীতে সেলাই কারখানায় আগুন

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৫, ০৯:৪৫
চট্টগ্রামের হাটহাজারী পৌর এলাকার কাচারী সড়কে একটি সেলাই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মঙ্গলবার দিবাগত গভীর রাতে কারখানাটিতে আগুন লাগে। 
 
হাটহাজারী কাচারী সড়ক বণিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম উদ্দিন জানান, জগন্নাত বাড়ির পেছনে মুজিবের ভাড়া বাসায় প্রথমে আগুন লাগে। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা পাশের আরও ৬টি বাড়িতে ছড়িয়ে পড়ে। ওই বাড়িগুলোতে আনিকা টেইলার্স, তানিয়া টেইলার্স, সুরুচি টেইলার্সের কারখানা ছিল। 
 
খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে তিনটি সেলাই কারখানার যাবতীয় সরঞ্জাম পুড়ে যায়।
 
হাটহাজারী ফায়ার সার্ভিসের লিডার ও ভারপ্রাপ্ত কর্মকর্তা বিল্লাল হোসেন মৃধা জানান, কারখানাগুলো অপরিকল্পিত ও অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশের সেখানে কোনো সুযোগ নেই বললেই চলে। এরপরও এক ঘণ্টা ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।