মুক্তাগাছায় সন্তানকে কুপিয়ে হত্যা

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৫, ১১:০৬
 
ময়মনসিংহের মুক্তাগাছায় ৪ মাস বয়সী শিশু সন্তানকে কুপিয়ে হত্যা করেছে মা। মঙ্গলবার রাতে মুক্তাগাছার পয়ারকান্দি এলাকায় এই ঘটনা ঘটে।
 
রাতেই লাশ উদ্ধার এবং  শিশুটির মাকে গ্রেফতার করে পুলিশ। বুধবার লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে ।
 
পয়ারকান্দি গ্রামের মৃত নিরাজুল ইসলামের মেয়ে ময়না খাতুন বাবার বাড়িতে বসবাস করে আসছেন। ময়নার স্বামী শামীম গার্মেন্টসকর্মী।
 
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, মঙ্গলবার ময়না তার চার মাস বয়সী মেয়েশিশু রিয়াকে কুপিয়ে হত্যার পর লাশ বাথরুমে ফেলে রাখেঅ ময়নার মা হাজেরা খাতুন রক্তাক্ত লাশ দেখতে পেয়ে কান্না শুরু করলে প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে পুলিশে খবর দেয়।
 
হাজেরা এবং প্রতিবেশীরা জানান, ময়না একজন বাক প্রতিবন্ধী । মুক্তাগাছা থানা পুলিশের এসআই ওয়াজেদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিক বিকারগ্রস্ত হয়ে ময়না এই ঘটনা ঘটিয়েছে।
 
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো: ফজলুল করিম জানান, ঘটনায় মামলার প্রস্তুতি চলছে ।