কুমিল্লার লাকসাম পৌরসভায় নির্বাচন চলাকালে কেন্দ্রে প্রভাব বিস্তারের সময় দেশীয় অস্ত্রসহ ৮ জনকে আটক করেছে র্যাব। এছাড়া জেলার চান্দিনা পৌরসভার একটি তিন কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ আহত হয়েছে ১০ জন।
গ্রেফতার হওয়াদের মধ্যে রয়েছেন উপজেলার উত্তরদা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ নেতা গোলাম রাব্বানী, সদর দক্ষিণ উপজেলার বাগমারা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আয়াত উল্লাহ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জাহাঙ্গীর হোসেনসহ ৮ জন। এদের মধ্যে লাকসাম রেলওয়ে স্কুল ভোট কেন্দ্র থেকে ৫ জন ও ধামৈচা কেন্দ্র থেকে অপর ৩ জনকে র্যাব-১১ এর একটি ভ্রাম্যমান দল আটক করে। রিটার্নিং অফিসার রাশেদুল ইসলাম ৮জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে চান্দিনা পৌরসভার বেলাশ্বর কেন্দ্রে ৩ কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১০জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১৫ রাউন্ড গুলি বর্ষণ করে। হোমনা পৌরসভার শ্রীমর্দি হাফিজিয়া মাদ্রাসায় ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনায় প্রায় এক ঘণ্টা ভোট গ্রহণ স্থগিত রাখা হয়। একই পৌরসভায় দুপুর সোয়া ১২টার দিকে গোয়ারীভাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১৫টি ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে আ’লীগ সমর্থিত মেয়র প্রার্থীর পক্ষে সিল মেরে বাক্সে ফেলার অভিযোগে দুপুর ১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ভোট গ্রহণ স্থগিত রাখা রয়েছে। খবর পেয়ে ওই কেন্দ্রে ছুটে গেছেন উপজেলা রিটার্নিং অফিসারসহ র্যাব পুলিশের কর্মকর্তারা।
