উদ্ধার হওয়া ব্যালট ভুয়া ---------- গোলাম রাব্বানী

আপডেট : ১১ মার্চ ২০১৯, ২৩:০৪

রোকেয়া হল থেকে যে ব্যালটগুলো উদ্ধার দেখানো হয়েছে তা ভুয়া দাবি করে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেছেন, মূল ব্যালটের সঙ্গে এর কোনো মিল নেই। তিনি বলেন, যারা ভোট বর্জনের কথা বলছেন তারা নাটকটি সুন্দর করে মঞ্চস্থ করতে চেয়েছিলেন। তাদের প্রতি সাধারণ শিক্ষার্থীদের সমর্থন নেই বুঝে তারা একটি সেফ এক্সিট খুঁজছিলেন। গতকাল সোমবার বিকালে মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলেন, কীভাবে ব্যালট হাতছাড়া হওয়ার ঘটনা ঘটানো হলো, পুরো জাতি তা দেখল। দরজা ভেঙে আমাদের শিক্ষিকাদের লাঞ্ছিত করে তারা সেটা বাইরে নিয়ে গেছে। এ ব্যালটগুলো ভুয়া ব্যালট, মূল ব্যালটের সঙ্গে এর মিল নেই।

কুয়েত মৈত্রী হলসহ বিভিন্ন ঘটনায় ভোট দিতে না পারা এবং বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ প্রসঙ্গে গোলাম রাব্বানী বলেন, কোন্ হলে কাকে বাধা দেওয়া হয়েছে তা সুনির্দিষ্টভাবে বলতে হবে। আমরা শতভাগ ভোট কাস্ট হোক সেটা চেয়েছি। সবাই যেন ভোট দিতে পারে সেজন্য আমরা আন্তরিক ছিলাম। যেখানেই অভিযোগ শুনেছি, আমরা ছুটে গিয়েছি এবং সমাধানের চেষ্টা করেছি।