টাঙ্গাইলের ভূঞাপুরে ভোট গ্রহণকালে ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে।
জানা যায়, পৌর এলাকার ভূঞাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে দুপুর পৌনে দুইটার দিকে আওয়ামী লীগ মনোনিত প্রার্থীর সমর্থকরা জোরপূর্বক বুথে ঢুকে সিলমারা শুরু করে। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাঁচ রাউন্ড ফাঁকা গুলি করে। পরে তারা বুথের ভিতর থেকে ৪৪টি ব্যালট পেপার নিয়ে পালিয়ে যায়।
কেন্দ্রে দায়িত্বরত পুলিশের এস আই আসলাম উদ্দিন জানান, স্থানীয় আওয়ামী লীগ নেতা ও অর্জুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুব আলী তার কিছু সমর্থককে সাথে নিয়ে এসে জোরপূর্বক কেন্দ্রে প্রবেশের চেষ্টা করে। এসময় বাধা দিলে আমাকে ধাক্কা মেরে ফেলে তারা বুথে ঢুকে পরে এবং সিল মারতে থাকে। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাঁচ রাউন্ড ফাঁকা গুলি করে। গুলি করার শব্দ তারা ৪৪ ব্যালট পেপার নিয়ে পালিয়ে যায়। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও তিনি জানান।
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিনা খানম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এখন পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে। ছিনতাই হওয়া ৪৪টি ব্যালট পেপার বাতিল করা হয়ছে।
