নির্বাচনে সামগ্রিকভাবে বিএনপি হতাশ: খন্দকার মাহবুব

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৫, ১৭:৫৬
 
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, পৌর নির্বাচনে সামগ্রিকভাবে হতাশাগ্রস্ত বিএনপি। সরকার ও নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের যে প্রতিশ্রুতি দিয়েছিল, তার প্রতিফলন ঘটেনি। সারাদেশে যেভাবে তাণ্ডব-লিলা চলেছে, জাল ও কেন্দ্র দখলের ঘটনা ঘটেছে তাতে গণতান্ত্রিক প্রক্রিয়া ধ্বংস হয়েছে।
 
ভোটগ্রহণ শেষ হওয়ার পর বুধবার বিকেলে খন্দকার মাহবুব হোসেনের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনারদের সঙ্গে সাক্ষাত্ করেন। পরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
 
খন্দকার মাহবুব বলেন, বিএনপি গণতান্ত্রিক দল, গণতন্ত্রে বিশ্বাস করে। তাই অতীতের ইতিহাস ভুলে সরকার ও নির্বাচন কমিশনের আশ্বাসে নির্বাচনে এসেছি। তবে নির্বাচনের যে অবস্থা তাতে গণতান্ত্রিক প্রক্রিয়া ধ্বংস হয়েছে।
 

‘দখল হওয়া’ শতাধিক কেন্দ্রে পুনঃনির্বাচনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমার কাছে মনে হয়েছে নির্বাচন কমিশন অসহায়। মাঠপর্যায়ে ও আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর তাদের নিয়ন্ত্রণ কতটা ছিল, সেটা নিয়ে আমাদের সন্দেহ আছে।