টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

আপডেট : ১১ মার্চ ২০১৯, ২৩:০৫

কক্সবাজারের টেকনাফে হোয়াইক্যংয়ের নিরাপদ মাদক আস্তানায় ‘বন্দুকযুদ্ধে’ এক মাদক কারবারী নিহত হয়েছে। ঘটনাস্থল হতে এলজি, কার্তুজ ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।

জানা যায়, সোমবার ভোররাতে টেকনাফ থানা পুলিশের হাতে আটক হোয়াইক্যং পূর্ব সাতঘরিয়া পাড়ার শাহ আলমের পুত্র আব্দুর রহমান (২৩) কে নিয়ে শিয়াইল্যা পাহাড়ে অভিযানে গেলে ওঁত্ পেতে থাকা তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। পুলিশও আত্মরক্ষার্থে গুলিবর্ষণ করলে দু’পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল তল্লাশি করে পুলিশ গুলিবিদ্ধ আব্দুর রহমানকেসহ ১টি দেশি এলজি, ৩ রাউন্ড কার্তুজ এবং ৩ হাজার ইয়াবা উদ্ধার করে। আব্দুর রহমানকে উপজেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য মর্গে প্রেরণ করেছে।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার দাশ বন্দুকযুদ্ধের সত্যতা নিশ্চিত করেন।