এজেন্টদের মারধরের অভিযোগ জাপার

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৫, ১৭:৪০
 
পৌর নির্বাচনে বিভিন্ন এলাকায় বিরোধীদলের কর্মীদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগ করেছে জাতীয় পার্টি। বুধবার ভোট গ্রহণ শেষ হওয়ার আগেই শেরেবাংলা নগরে নির্বাচন কমিশন কার্যালয়ে এ সংক্রান্ত একটি অভিযোগ পৌঁছে দেয় দলটি।
 
তিন সদস্যের প্রতিনিধিদলে ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাইদুর রহমান টেপা। তিনি জানান, তারা দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত অভিযোগপত্র প্রধান নির্বাচন কমিশনার বরাবর জমা দিয়েছেন।
 

সাইদুর রহমান বলেন, ‘সুষ্ঠু নির্বাচন হচ্ছে না। পৌরসভা নির্বাচনে ২৫টি পৌরসভার ১৭৬টি কেন্দ্র থেকে আমাদের এজেন্টদের মারধর করে বের করে দেয়া হয়েছে। এমনকী কেন্দ্র দখলও করা হয়েছে।’