ডাকসুর কলঙ্কিত নির্বাচন বাতিল চায় ঢাবি সাদা দল

আপডেট : ১১ মার্চ ২০১৯, ২৩:০৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে কলঙ্কিত উল্লেখ করে এই নির্বাচন বাতিলের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি সমর্থিত শিক্ষকদের প্যানেল সাদা দল। একইসঙ্গে ডাকসু নির্বাচনের পুনঃতফসিল ঘোষণার দাবি জানিয়েছে দলটি। গতকাল সোমবার বিকেলে ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সই করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, দীর্ঘ ২৮ বছর পর ডাকসু ও ১৮টি হলের সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো। ভোটের আগের রাতে একটি সংগঠনের প্রার্থীদের পক্ষে ভোট দিয়ে বস্তা ও ব্যালট বাক্স পূর্ণ করে রাখার মতো নানা গুরুতর অনিয়মের মাধ্যমে ডাকসু নির্বাচনকে কলঙ্কিত করা হলো। বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ভূমিকাকে ভুলুণ্ঠিত করার ঘটনার আমরা নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।