বরিশাল-ঢাকা মহাসড়কের রামপট্টিতে যাত্রীবাহী পরিবহন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে সাইফুল ইসলাম নামের এক যুবক নিহত হয়েছে। সে ওই কাভার্ড ভ্যানের হেলপার (চালকের সহকারী) ছিলো। গতকাল সোমবার সকালে বরিশালের বাবুগঞ্জ উপজেলাধীন রামপট্টি এলাকায় ঘটে যাওয়া এই দুর্ঘটনায় বাসের কয়েকজন যাত্রী কম বেশি আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। যার মধ্যে দুইজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত সাইফুল ইসলাম নড়াইল জেলার বাসিন্দা বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানা পুলিশের সেকেন্ড অফিসার অরবিন্দু বিশ্বাস। তিনি জানান, সুগন্ধা পরিবহন কোম্পানির একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে বরিশালে আসার পথে বাবুগঞ্জের রামপট্টিতে যাত্রী নামাচ্ছিলো। এসময় পেছন থেকে আসা অপর কাভার্ড ভ্যানটি বাসটিকে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানের হেলপার সাইফুল ও বাসের কয়েকজন যাত্রী আহত হন। তাদেরকে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিত্সক সাইফুলকে মৃত বলে ঘোষণা করেন। তাছাড়া আহতদের মধ্যে দু’জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় সুগন্ধা পরিবহন কোম্পানির ওই বাস ও কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে। তবে ঘটনার পর পরই দুইটি যানের চালকই পালিয়ে যাওয়ায় তাদের খুঁজে পাওয়া যায়নি।
