কুমিল্লার দাউদকান্দি পৌরসভার নব নির্বাচিত কাউন্সিলর গুলিবিদ্ধ

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৫, ০১:১২
কুমিল্লার দাউদকান্দি পৌরসভার ৯ নং ওর্য়াডের নব নির্বাচিত কাউন্সিলর ও উপজেলা শ্রমিকলীগের সভাপতি মোঃ রকিব উদ্দিন রকিব গুলিবিদ্ধ হয়েছেন। তাকে স্থানীয় গৌরীপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 
পুলিশ ও দলীয় সূত্রে জানা যায়, বুধবার রাত ১০ টার দিকে উপজেলা পরিষদ থেকে নির্বাচনে বিজয়ের ফলাফল নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। এ সময় উপজেলা পরিষদ মাঠ সংলগ্ন রাস্তায় দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
 
গৌরীপুর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ মোঃ আল-আমিন মিয়াজী জানান, গুলিটি রকিব উদ্দিনের কোমরের পেছনে লেগেছে, এতে তার প্রচুর রক্ত ক্ষরণ হয়েছে। দাউদকান্দি মডেল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, ‘খবর পেয়ে গৌরীপুর হাসপাতালে গিয়ে তাকে দেখেছি, তবে এখনো ওই কাউন্সিলরকে গুলি করার নেপথ্যে কি কারন রয়েছে, কিংবা কারা এর সাথে জড়িত তা নিশ্চিত হওয়া যায়নি।’