শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে প্রায় ৬ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
ঘন কুয়াশায় চলাচলের পথ দেখা না যাওয়ায় বুধবার দিবাগত রাত ৩টার দিকে শিমুলিয়া-কাওরাকান্দিতে ফেরি চলাচল বন্ধ করা হয়। ওই সময় মাঝ পদ্মায় নৌ চ্যানেলের বিভিন্ন পয়েন্টে তিন শতাধিক যাত্রী ও শতাধিক যানবাহন নিয়ে নোঙর করে সাতটি ফেরি। চলাচল স্বাভাবিক হওয়ায় এখন সেই ফেরিগুলো নিজ নিজ গন্তব্যে রওনা হয়েছে।
বি আইডব্লিউটিসির ব্যবস্থাপক গিয়াসউদ্দিন পাটোয়ারী জানান, রাতে ঘন কুয়াশায় নৌ চ্যানেলের মার্কিন বয়া দেখা যাচ্ছিল না। এমন পরিস্থিতিতে কর্তৃপক্ষ ফেরি পারাপার বন্ধ রাখার নির্দেশ নেয়। কুয়াশা কেটে যাওয়ায় ফেরি চলাচল স্বাভাবিক করা হয়।
