নেত্রকোনায় দুই পরাজিত প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ১০

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৫, ১৯:০৪
নেত্রকোনা পৌরসভায় পরাজিত কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক নারীসহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও সাত রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে।
 
বৃহস্পতিবার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মঈনপুর এলাকায় এ ঘটনা ঘটে।
 
এলাকাবাসী জানায়,  এ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শামীম রেজা খান ওরফে সরল (টেবিল ল্যাম্প) ও আতাউর রহমান ওরফে তারার (গাজর) লোকজনের মধ্যে নির্বাচনের শুরু থেকেই বিরোধ এবং উত্তেজনা চলে আসছিল। নির্বাচনে দুজনই পরাজিত হন। বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে মঈনপুর এলাকায় দুই পক্ষ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় কয়েকটি বাড়িতেও হামলা চালানো হয়। এতে এক নারীসহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ সাত রাউন্ড শর্টগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতরা নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
 
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদুল আলম বলেন, ‘দুই পরাজিত কাউন্সিলর প্রার্থী শামীম রেজা খান সরল, আতাউর রহমান তারা এবং তারার সমর্থক জুলহাসকে আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।’