কুমিল্লার দেবিদ্বার পৌরসভার হিসাবরক্ষক মাহবুবুল আলমকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। মাহবুবুল আলম লক্ষ্মীপুর সদর উপজেলার ধর্মপুর গ্রামের বাসিন্দা।
তার বিরুদ্ধে অভিযোগ, পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সচিবের স্বাক্ষর জাল করে তিনি চেকের মাধ্যমে সোনালী ব্যাংক থেকে টাকা উত্তোলন করে আত্মসাত করেছেন।
জানা গেছে, মঙ্গলবার দেবিদ্বার পৌরসভার হিসাবরক্ষক মাহবুবুল আলম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক মো. সাইফুল ইসলাম এবং পৌরসভার সচিব জহিরুল আলমের স্বাক্ষর জাল করে চেকের মাধ্যমে সোনালী ব্যাংকের দেবিদ্বার শাখা থেকে পৌরসভার হিসাব (একাউন্ট) থেকে টাকা উত্তোলন করেন। যার পরিমাণ ৪৭ হাজার ৮০৭ টাকা।
আরো জানা গেছে, এ ঘটনা জানাজানি হলে বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা তার কার্যালয়ে ওই হিসাবরক্ষককে ডেকে পাঠান। এ সময় মাহবুব টাকা আত্মসাতের বিষয়টি স্বীকার করেন। পর তাকে থানা পুলিশে সোপর্দ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. সাইফুল ইসলাম সাংবাদিকদের জানান, ‘স্বাক্ষর জাল করে টাকা আত্মসাতের অভিযোগে মাহবুবুল আলমকে আটক করা হয়েছে। এ ঘটনায় পৌরসভার সচিব জহিরুল আলম বাদী হয়ে মামলা করবেন।
