ময়মনসিংহের ফুলপুর পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুব্রত পালের বাসভবন একং অফিসার্স ক্লাবে ছয়টি ককটেলের বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। ঘটনার পর থেকে উপজেলা পরিষদ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
জানা গেছে, ফুলপুর পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ শেষে বুধবার সন্ধ্যার পর উপজেলা পরিষদের হল রুমে বিভিন্ন কেন্দ্রের নির্বাচনী ফলাফল ঘোষণা চলছিল। এ সময় একদল দুর্বৃত্ত রিটার্নিং অফিসার সুব্রত পালের বাসভবনের ভিতরে, সামনের গেটে ও অফিসার্স ক্লাবে ছয়টি ককটেল নিক্ষেপ করে। এতে পাঁচটি ককটেল বিস্ফোরিত হয়। এ সময় হলরুমসহ সারা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রিটার্নিং অফিসার সুব্রত পাল এ সময় বাড়িতে ছিলেন না।
তৎক্ষণাৎ পুলিশ, র্যাব ও বিজিবি সদস্যসহ কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করে। এবং উপজেলা পরিষদ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে।
রিটার্নিং অফিসার সুব্রত পাল তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, নির্বাচনের ফলাফল ঘোষণার সময় সহিংসতা সৃষ্টি করতে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে। এ ঘটনায় বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।
