চাঁদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১১টা থেকে শুরু হয়ে রাত সাড়ে ১২টা পর্যন্ত দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে।
এসময় শহরের জোড়পুকুরপাড় এলাকায় শতাধিক দোকানপাট ভাঙচুর করেছে তারা। ওই এলাকায় ছাত্রলীগের অস্থায়ী কার্যালয়ে অগ্নিসংযোগ করে। দেশিয় অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয় চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন বেপারী ও পথচারী সজিব।
প্রত্যক্ষদর্শী ব্যবসায়ীরা জানায়, হঠাৎ করে ছাত্রলীগের একটি গ্রুপ জোড়পুকুর পাড় জেলা ছাত্রলীগের সভাপতি শেখ মোতালেবের বাসায় এসে ভাঙচুর, অগ্নিসংযোগ করে। এই ঘটনার পর পর সভাপতির সমর্থকরা এসে ধাওয়া করে। এরপর শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া এবং এলাকার দেকানপাট ভাঙচুর। চলে দেশিয় অস্ত্র নিয়ে মহড়া।
চাঁদপুর মডেল থানার ওসি মামুনুর রশিদ জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ, গোয়েন্দা পুলিশ শহরের বিভিন্ন স্থানে অবস্থান করছে। যারা এসব ঘটনা ঘটিয়েছে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
