আমতলী পৌরসভার ২নম্বর ওয়ার্ডের টিনের ব্যবসায়ী আতাহার আলীর বাড়ির একটি নির্মানাধীন ভবনের পাশ থেকে পটুয়াখালী জেলা শ্রমিক দলের সহ-সভাপতি মিজানুর রহমান বাবু খন্দকারের (৩৮) লাশ উদ্ধার করেছে আমতলী থানা পুলিশ। শুক্রবার সকালে তার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে, সকাল ৭টার দিকে নির্মাণ শ্রমিকরা কাজ করতে এসে লাশ দেখতে পেয়ে আমতলী থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। বাবুর সঙ্গে থাকা একটি আইডি কাডের সূত্র ধরে তার লাশ সনাক্ত করা হয়। বাবু পটুয়াখালীর কালিকাপুর আরাম বাগের মৃত্যু আজাহার উদ্দিন খন্দকারের ছেলে। বাবুর গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তিনি পেশায় একজন ঠিকাদার। আমতলীতে তার বোনের বাসা রয়েছে।
ধারণা করা হচ্ছে, পূর্ব শক্রতার জের ধরে কেউ তাকে হত্যা করে লাশ এখানে ফেলে যায়।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলক চন্দ্র রায় জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার হয়েছে।
