চৌমুহনী পৌরসভার নির্বাচনে স্থগিত হওয়া কেন্দ্র গুলোর মধ্যে ৫নম্বর ওয়ার্ড গণিপুর কেন্দ্রের এক কাউন্সিলর প্রার্থীর ভাতিজা অপর একজন সন্ত্রাসীকে সঙ্গে নিয়ে গুলি ও পিটুনি দিয়ে ২ জনকে আহত করেন। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টায় পশ্চিম গণিপুর সাহাব উদ্দিনের দোকানের কাছে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, রাত সাড়ে ১০টা সময় ৫নম্বর ওয়ার্ড গণিপুরের কাউন্সিলর প্রার্থীর ভাতিজা আবুল কাশেমের ছেলে আরিফ মির্জা (২২) আকবর শেঠের ছেলে সন্ত্রাসী সুমনকে (২৫) সঙ্গে নিয়ে মোটরসাইকেল যোগে পশ্চিম গণিপুর সাহাব উদ্দিনের দোকানের কাছে গিয়ে আনোয়ার হোসেন ছেলে ফয়েজ উল্যাহকে (৪০) পিস্তল দিয়ে গুলি করলে তার হাতে গুলি লাগে। এ সময় মকু মিয়া ছেলে আলাউদ্দিন (৪৫) এগিয়ে আসলে সন্ত্রাসীরা উভয়কে পিটিয়ে গুরুতর আহত করেন। আলাউদ্দিনকে মোটরসাইকেলে বেঁধে নিয়ে যাওয়ার চেষ্টার করলে স্থানীয়রা এগিয়ে আসে। এসময় সন্ত্রাসীরা দ্রুত এলাকা ত্যাগ করে।
এ ঘটনার প্রতিবাদে রাতেই স্থানীয়রা মিছিল বের করে সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচার দাবি করে। শুক্রবার সকালে এলাকার শত শত লোক মিছিল সহকারে বেগমগঞ্জ থানায় গিয়ে হাজির হয়। পরে ফয়েজ উল্যাহ শ্বশুর আবদুল হান্নান বাদি হয়ে আরিফ মিয়া ও সুমনকে অভিযুক্ত করে মামলা দায়ের করে।
বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম ফারুক থানায় মামলা হওয়ার কথা নিশ্চিত করে জানান, পুলিশ রাতেই এলাকা পরিদর্শন করেছে। অভিযুক্তদের গ্রেফতারের অভিযান চালানো হচ্ছে।
