রাজশাহীর মোহনপুরের কেশরহাট পৌরসভার বর্তমান মেয়র বিএনপির প্রার্থী আলাউদ্দিন আলো এবার পেয়েছেন মাত্র ৯৯ ভোট। এই ভরাডুবির জন্য দলের নেতাকর্মীরা তার দুর্নীতি ও জনবিচ্ছিন্নতাকে দায়ী করছেন।
সাত হাজার ৩৪৩ ভোট পেয়ে এবার মেয়র হয়েছেন আওয়ামী লীগের শহিদুজ্জামান শহিদ, নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (জামায়াত) হাফিজুর রহমান আকন্দ পেয়েছেন ৪ হাজার ৯৯৬ ভোট, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলো পান ৯৯ ভোট এবং জাতীয় পার্টির জয়নাল আবেদীন ডালিম পেয়েছেন ৬৩ ভোট। ধানের শীষে এত কম ভোট পড়ায় ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন দলের নেতারা।
মোহনপুর উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান বলেন, গত নির্বাচনে মেয়র হওয়ার পর থেকে আলাউদ্দিন আলো জনবিচ্ছিন্ন ছিলেন। পৌরসভাকে দুর্নীতির আখড়ায় পরিণত করেন তিনি। তাকে বাদ দিয়ে এবার দলীয় মনোনয়ন দেওয়ার জন্য স্থানীয় বিএনপির পক্ষ থেকে সুপারিশ করা হয়েছিল। কিন্তু তৃণমূলের মতামতের মূল্যায়ন না করে মহানগরের দুই নেতা তদবির করে আলোকে দলীয় মনোনয়ন দেয়ায় ধানের শীষের এই ‘লজ্জাজনক’ পরাজয় হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
জেলা বিএনপির সহসভাপতি তোফাজ্জাল হোসেন তপু বলেন, কেশরহাট পৌর বিএনপির মতামতের ভিত্তিতে সেখানে নতুন প্রার্থী দেওয়ার জন্য জেলা থেকে সুপারিশ করা হয়েছিল। কিন্তু অজ্ঞাত কারণে প্রার্থী মনোনয়নে জেলা বিএনপির সুপারিশ মুল্যায়ন করা হয়নি।
এবারের নির্বাচনে রাজশাহীর ১৩ পৌরসভার ৯টিতে আওয়ামী লীগ এবং ৪টিতে বিএনপি জয়লাভ করেছে।
