বৃষ্টির কারণে ম্যাচটার আয়ুষ্কাল হয়ে গিয়েছিল তিন দিন। এমন অবস্থায় টেস্ট ম্যাচ হারের ছবি কারো মনে উঁকি দেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। কিন্তু কঠিন বাস্তবতা হলো ওয়েলিংটন টেস্টে দুই দিন খেলা হওয়ার পর হারের শঙ্কা ঘিরে বসেছে বাংলাদেশ দলকে। প্রথম ইনিংসে নিজেদের ব্যাটিং ব্যর্থতা ও নিউজিল্যান্ডের দাপুটে ব্যাটিংয়ে ম্যাচ বাঁচানোর চ্যালেঞ্জের মুখে এখন বাংলাদেশ।
আজ ম্যাচের পঞ্চম দিনে হার এড়ানোর চ্যালেঞ্জ নিয়েই ব্যাটিংয়ে নামবে সফরকারী দল। ম্যাচ বাঁচাতে তথা ড্র করতে আজ শেষ দিনের সিংহভাগ সময় ব্যাটিং করতে হবে বাংলাদেশকে। ইনিংস হার এড়াতে করতে হবে আরও ১৪১ রান। হাতে আছে আর সাত উইকেট। কারণ গতকাল ২২১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে তিন উইকেটে ৮০ রান তুলে চতুর্থ দিনের খেলা শেষ করেছে সফরকারীরা। মোহাম্মদ মিঠুন ২৫, সৌম্য সরকার ১২ রানে অপরাজিত আছেন।
ম্যাচ বাঁচানোর গুরুভার তাই ব্যাটসম্যানদের কাঁধেই থাকছে। পাঁচ পেসার নিয়ে গড়া নিউজিল্যান্ডের বোলিং লাইনের সামনে দিনভর লড়াই চালিয়ে যাওয়া বাংলাদেশের জন্য কঠিন কর্মই বটে। প্রথম ইনিংসে ২১১ রান করেছিল বাংলাদেশ।
গতকাল দ্বিতীয় ইনিংসের শুরুতে ইনিংসের দ্বিতীয় বলেই তামিমের (৪) উইকেট হারায় বাংলাদেশ। ১০ রান করে ফিরেন মুমিনুল। দুজনকেই বোল্টের শিকার হন। সাদমান ২৯ রান করে বিদায় নিলে ৫৫ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। বাকি সময়টা কাটিয়ে দিয়েছেন সৌম্য ও মিঠুন ২৫ রানের জুটি গড়ে।
এর আগে গতকাল ৬ উইকেটে ৪৩২ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছিল নিউজিল্যান্ড। তাতেই ম্যাচের নিয়ন্ত্রণ কার্যত হাতের মুঠোয় নিয়ে ফেলেছে স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে ৮৪.৫ ওভার ব্যাট করেছে তারা। ওভার প্রতি ৫.০৯ হারে রান তুলেছে!
গতকাল আরও চার উইকেট হারিয়ে ৩৯৪ রান যোগ করেছিল নিউজিল্যান্ড। তৃতীয় উইকেটে রস টেইলর ও উইলিয়ামসনের ১৭২ রানের জুটি ভাঙেন তাইজুল। উইলিয়ামসন ফিরেন ৭৪ রান করে। চতুর্থ উইকেটে রস টেইলর-নিকোলস ২১৬ রানের জুটি গড়েন। চা বিরতির পর ১০৭ রান করে তাইজুলের বলে বোল্ড হন নিকোলস। ডাবল সেঞ্চুরি পূর্ণ করার পর মুস্তাফিজের শিকার হন রস টেইলর। তিনি ২০০ রান করেন। বাংলাদেশের রাহী তিনটি, তাইজুল দুটি, মুস্তাফিজ একটি করে উইকেট পান।
