‘খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে’

আপডেট : ০১ জানুয়ারি ২০১৬, ১৭:৪৬
শুক্রবার বেলা সাড়ে ১০ টা। ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের একদল শিশু দোতলার সিঁড়ি ভেঙে নিচে নেমে আসছে। সবার হাতে নতুন বই। তাদের মধ্যে সবচেয়ে ছোট মিমি। বুকের মধ্যে বই আগলে ধরে লাফিয়ে লাফিয়ে নামছিল সে।
নতুন বই পেয়ে কেমন লাগছে জানতে চাইলে সে বলল, ‘খুব ভালো লাগছে। খুব আনন্দ লাগছে।’ শুক্রবার বিনা মূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উৎসবে মিমির মত সব শিশুই নতুন বই হাতে পেয়ে এরকম আনন্দে মেতে ওঠে।
 
সরবারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে বসে অপেক্ষা করছিল বিভিন্ন শ্রেণীর শিশুরা। বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র নূর হোসেন বলেন, নতুন বই পাওয়ার আশায় খুব ভোরে ঘুম থেকে উঠেছে। সকাল আটটার মধ্যেই বাসা থেকে বিদ্যালয়ে ছুটে আসে।
 
ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হোসেন বলেন, ‘আমরা সকাল নয়টা থেকে দুই পালায় বেলা দুইটা পর্যন্ত প্রায় শতভাগ শিক্ষার্থীর হাতে বই তুলে দিয়েছি। যারা কোনো কারণে বিদ্যালয়ে আসতে পারেনি, তারা পরে এলেও বই পাবে।’
 
ঠাকুরগাঁও সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবেসাবেক পানিসম্পদমন্ত্রী ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস, জেলা শিক্ষা অফিসার হারেছ উদ্দিন, সরকারি বালক উচ্চ ব্যিালয়ের প্রধান শিক্ষক আখতারুজ্জামান সাবু প্রমুখ উপস্থিত ছিলেন।