বগুড়ায় সড়ক দুর্ঘটনায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের নায়েক সারফুল আলম (২৮) নিহত হয়েছেন। তিনি বগুড়া ৪র্থ আর্মড পুলিশ ব্যাটালিয়নে কর্মরত ছিলেন।
শুক্রবার বগুড়া শহরের শেরপুর রোডের কানছগাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। সারফুল আলম জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার সু-সৃষ্টি গ্রামের নবীর উদ্দিনের ছেলে।
জানা গেছে, কর্তব্যকর্ম শেষে ভোর রাত আনুমানিক সাড়ে তিনটায় বগুড়া শহরের সাতমাথা থেকে সিএনজি চালিত অটোরিকশায় করে পুলিশ লাইনে ফিরছিলেন সারফুল। এ সময় কানছগাড়ীতে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে শেরপুর সড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা খায়। এতে অটোরিকশার সামনের সিটে বসা সারফুল আলম ছিটকে সড়কের উপর পড়ে যান। আশংকাজনক অবস্থায় তাকে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেয়া হয় । সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
