‘রোহিঙ্গাদের ওপর নৃশংসতার তদন্ত বাধাগ্রস্ত হবে না’

আপডেট : ১২ মার্চ ২০১৯, ০১:১৪

মিয়ানমার আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সদস্য না হলেও রোহিঙ্গাদের বিরুদ্ধে সংগঠিত অপরাধের প্রাথমিক তদন্ত বাধাগ্রস্ত হবে না। আর এই তদন্ত মিয়ানমারের বিরুদ্ধে নয় বরং যারা অপরাধ করেছে তাদের বিরুদ্ধে। গতকাল সোমবার ঢাকার একটি হোটেলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বাংলাদেশে সফররত আইসিসির প্রতিনিধি দলের সদস্যরা এ কথা বলেন। আইসিসি’র প্রধান কৌঁসুলির পক্ষ থেকে তার এই প্রতিনিধি দল গত বুধবার ঢাকায় পৌঁছায়।

রোহিঙ্গাদের বিচারে আইসিসি কতটুকু আশাবাদী-এমন প্রশ্নের জবাবে আইসিসি প্রতিনিধি দলের প্রধান ফাকিসো মোচোচোকো বলেন, এই ধরনের ঘটনার বিচার আমরা আগেও করেছি। রাখাইনে নৃশংসতার জন্য দায়ীদের আমরা বিচারের মুখোমুখি করতে চাই। তিনি বলেন, রোহিঙ্গা নৃশংসতায় বিচারের লক্ষ্যে আমরা দুইটি ভাগে তদন্ত করছি। একটি হলো আইনগত কার্যক্রম, অন্যটি তদন্তের পরিবেশগত কার্যক্রম। আমরা উভয় কার্যক্রমই সম্পন্ন করতে চাই। বাংলাদেশ/মিয়ানমারে স্বাধীন ও নিরপেক্ষ প্রাথমিক তদন্ত এগিয়ে চলছে।

প্রসঙ্গত, সফলকালে আইসিসির প্রতিনিধি দলটি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। এছাড়া সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।