‘আইসক্রিম খেয়ে বিএনপির গরম লোকজন মাথা ঠাণ্ডা করবে’

আপডেট : ০১ জানুয়ারি ২০১৬, ১৯:৩৮
‘রংপুরের পীরগঞ্জ উপজেলায় মিল্কভিটার উদ্যোগে পাঁচ কোটি টাকা ব্যয়ে আইসক্রিম ফ্যাক্টরি স্থাপন করা হবে। ওই ফ্যাক্টরিতে উৎপাদিত আইসক্রিম মাথা গরম বিএনপির লোকজন খেয়ে মাথা ঠাণ্ড করবে।’
 
শুক্রবার বিকেলে উপজেলার সদরা কুতুবপুর আমিনিয়া সিনিয়র মাদরাসা মাঠে মিল্কভিটার উদ্যোগে দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গাঁ এসব কথা বলেন।
 
মন্ত্রী বলেন, ‘এদেশের শিক্ষিত বেকারদের কর্মসংস্থানে উন্নত জাতের গাভী বেকারদের মাঝে বিতরণ করা হবে। যা দিয়ে শিক্ষিত বেকাররা নিজের সমস্যা সমাধান এবং দেশের দুগ্ধ চাহিদা মেটাতে সহায়তা করবে।’
 
মিল্কভিটা ইউনিয়নের ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপুর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজিমুল ইসলাম শামীমের সঞ্চালনায় খামারি কবির মিয়া, কাশিমপুর দুগ্ধ খামারি সমিতির সভাপতি শাহ মো. এমদাদ হোসেন, ভাইস চেয়ারম্যান মোনায়েম সরকার মানু, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক শাহিদুল ইসলাম পিন্টু ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহারুল হক বাবলু বক্তব্য রাখেন।
 
এতে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচীব-১ জাহাঙ্গীর আলম বুলবুল বিশেষ অতিথি ছিলেন। এ সময় মিল্কভিটা ইউনিয়নের ব্যবস্থাপনা কমিটির সদস্য গোলাম মোস্তফা নান্টু, শামছুল আরেফিন, শেখ আব্দুল হামিদ লাবলু, ড.সাজ্জাদ হায়দার, মিল্কভিটা ইউনিয়নের ব্যবস্থাপনা পরিচালক যুগ্ন সচীব জহির উদ্দিন বাবর, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মাজহারুল ইসলাম এবং ঢাকাস্থ রংপুর বিভাগ সাংবাদিক সমিতির সভাপতি এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি কেরামত উল্লাহ বিপ্লব উপস্থিত ছিলেন।