রাজশাহীর তানোর পৌরসভার তাতিয়াল পাড়ার একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার সন্ধ্যার পর এ অগ্নিকাণ্ডে প্রায় দুই লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এতে করে ওই ঘরের মালিক হতদরিদ্র বাসনা রাণীর আর কিছুই রইল না।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তানোর ফায়ার স্টেশনের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।
ভুক্তভোগী বাসনা রাণী জানান, তার নিজের কোনো জমি-জমা নেই। সরকারি খাস জমিতে ছনের কুড়ে ঘর তৈরি করে তিনি বসবাস করে আসছিলেন। সম্প্রতি বসবাসের জন্য জমি কিনতে তিনি একটি এনজিও থেকে প্রায় অর্ধলক্ষ টাকা ঋণ উত্তোলন করেছিলেন। কিন্তু জমি দখলের উদ্দেশ্যে কে বা কারা তার ঘরে আগুন দিয়েছে। এতে তার ঋণের প্রায় অর্ধলক্ষ টাকা ও জিনিসপত্রসহ প্রায় দুই লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। পরনের কাপড় ছাড়া তার ও ছেলে-মেয়ের আর কিছুই নেই। স্বামী পরিত্যক্ত বাসনা স্থানীয় একটি হোটেলে বুয়ার কাজ করে জীবিকা নির্বাহ করেন।
তানোর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসারের প্রাথমিক ধারণা, ঘরের বাতি থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।
