রাজশাহীতে যুবলীগ-ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর

আপডেট : ০১ জানুয়ারি ২০১৬, ২১:১০
রাজশাহী মেট্টোপলিটন পুলিশের (আরএমপি) একটি গাড়ি ভাঙচুর করেছে চার নম্বর ওয়ার্ড যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। শুক্রবার সন্ধ্যায় মহানগরীর সিএন্ডবি মোড়ে নির্যাতনের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল থেকে ইটপাটকেল নিক্ষেপ করে ওই যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা।
 
এ সময় পুলিশ ধাওয়া করে ফাঁকা গুলিবর্ষণ করলে বিক্ষোভকারীরা পালিয়ে যায়।
 
জানা গেছে, বৃহস্পতিবার রাতে পুলিশ লাইনস হাসপাতালের গেটের সামনের রাস্তায় থার্টি ফাস্টের আয়োজন করে মহানগরীর চার নম্বর ওয়ার্ডের যুবলীগ-ছাত্রলীগের নেতা-কর্মীরা। তাদের ওই আয়োজনের কারণে হাসপাতালের রোগীদের সমস্যা হওয়ায় পুলিশ কয়েকবার গিয়ে ওই তা সরিয়ে নেয়ার অথবা বন্ধের জন্য সংশ্লিষ্ট যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীদের অনুরোধ জানায়। কিন্তু পুলিশের অনুরোধ উপেক্ষা করেই উচ্চ শব্দে গান-বাজনা পরিবেশন করছিলেন আয়োজকরা। এক পর্যায়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আয়োজক হিমাদ্রী রফিকসহ ৪/৫ জনকে থানায় নিয়ে যায়। পরে দলীয় নেতা-কর্মীদের তদ্বিরে রাতেই তাদের ছেড়েও দেয়া হয়।
 
এদিকে আটক যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের থানা হেফাজতে মারপিটের অভিযোগ তুলে শুক্রবার সন্ধ্যায় চার নম্বর ওয়ার্ড যুবলীগ-ছাত্রলীগের নেতা-কর্মীরা মহানগরীর সিএন্ডবি এলাকায় প্রতিবাদ বিক্ষোভ মিছিল বের করেন। ওই মিছিল থেকে উচ্ছৃঙ্খল নেতা-কর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করে আরএমপি’র সদর দফতরে থাকা পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে। এসময় পুলিশ তাদের ধাওয়া করে কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 
মহানগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।