ফেনীর সোনাগাজী উপজেলায় আসামি ধরতে পুলিশের ছোড়া গুলিতে ছয়জন সাধারণ মানুষসহ সাতজন গুলিবিদ্ধ হয়েছেন। এদের মধ্যে পাঁচজন স্কুলছাত্র, একজন দোকানী ও একজন সন্ত্রাসী।
জানা গেছে, শুক্রবার বিকেল পাঁচটার দিকে উপজেলার মতিগঞ্জের ভাদাদিয়া গ্রামে বিএনপির ২২ মামলার ক্যাডার আলী আহম্মদ মেম্বারকে গ্রেফতারে অভিযান চালায় পুলিশ। তাকে ধরতে ধাওয়া করলে তিনি পালিয়ে যাচ্ছিলেন। এ সময় পুলিশ পেছন থেকে তাকে গুলি করলে গুলিতে তিনিসহ মাঠে ক্রিকেট খেলারত অবস্থায় পাঁচ স্কুলছাত্র ও এক দোকানী গুলিবিদ্ধ হয়ে আহত হয়।
পুলিশ জানায়, ওই সাতজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।
সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, ‘আলী আহম্মদ মেম্বারকে ধরতে গেলে তার লোকজন পুলিশকে লক্ষ্য করে ককটেল এবং গুলি বর্ষণ করে। এ সময় পুলিশও পাল্টা গুলি বর্ষণ করে। এতে এ ঘটনা ঘটে।’
ওসি জানান, আশংকাজনক অবস্থায় আলী আহম্মেদকে ফেনী সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
