খুলনার সাবেক মেয়র তৈয়েবুর রহমানের ইন্তেকাল

আপডেট : ০২ জানুয়ারি ২০১৬, ০০:৪৩
খুলনা সিটি করপোরেশনের (কোসসি) সাবেক মেয়র অ্যাডভোকেট শেখ তৈয়েবুর রহমান ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। শুক্রবার রাত ১১টায় নগরীর নার্গিস মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
 
ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে  চিকিৎসাধীন ছিলেন। এছাড়াও তিনি  বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু শেখ তৈয়েবুর রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
 
তৈয়েবুর রহমানের মৃত্যুর খবর পেয়ে হাসপাতাল ও নগরীর কয়লাঘাট রোডের বাসভবনে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা ভিড় করেন।
 
সাবেক মেয়র শেখ তৈয়েবুর রহমান প্রায় ১৮ বছর (টানা তিনবার) খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নির্বাচিত মেয়র হিসাবে দায়িত্ব পালন করেন।
 
১৯৩৬ সালের ২১ অক্টোবর তিনি বাগেরহাট সদরের কররী গ্রামের সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। সাবেক রাষ্ট্রদূত শেখ তৈয়েবুর রহমান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য  ও কেন্দ্রীয় বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ছিলেন।