ভূমি রক্ষায় হাজার হাজার চা শ্রমিক তীর, ধনুক ও লাঠি হাতে আন্দোলনে নেমেছে। গত কয়েক মাস ধরে বৃহত্তর সিলেট অঞ্চলের চা শ্রমিকরা সভা-সমাবেশের মাধ্যমে প্রস্তাবিত ইকোনোমিক জোন করার প্রতিবাদ জানাচ্ছে। গতকাল শুক্রবার চুনারুঘাটের চা শ্রমিকরা চান্দপুর চা বাগান সংলগ্ন প্রস্তাবিত ইকোনোমিক জোনের ভূমিতে চার ঘন্টা অবস্থান নিয়ে প্রতিবাদ জানায়।
আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন বাগান পঞ্চায়েত সভাপতি সাধন সাওতাল, বাংলাদেশ চা শ্রমিক সংসদের উপদেষ্টা কাঞ্চন পার্থ, বাগান পঞ্চায়েত (বেগম খান চা বাগান) সভাপতি স্বপন সাওতাল, চা শ্রমিক নেতা শৈলেন ভৌমিক, সন্ধ্যা ভৌমিক, কনক লতা রাজবংশী, সূর্য কুমার রায় প্রমুখ।
বক্তারা বলেন, চান্দপুর চা বাগান সংলগ্ন ভূমি দীর্ঘদিন ধরে চা শ্রমিকরা চাষাবাদ করছেন। ভূমিহীন শ্রমিকদের এই ভূমি বন্দোবস্ত দেয়ার জন্য সরকারের কাছে আবেদন করা হয়েছে কিন্তু স্থানীয় স্বার্থান্বেষী মহল সরকারকে ভুল বুঝিয়ে এখানে ইকোনোমিক জোন করতে চাচ্ছে।
প্রসঙ্গত সরকার সারাদেশের একশতটি স্থানে ইকোনোমিক জোন করার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে চান্দপুর ও বেগম খান চা বাগানের ৫১১ একর ধানি জমিতে ইকোনোমিক জোন স্থাপনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
