একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির জাতীয় সংখ্যালঘু কমিশন গঠনের দাবি মন্ত্রিপরিষদ সভায় উপস্থাপনের আশ্বাস দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, এটি কেবল সময়ের ব্যাপার। এ দাবি পূরণ হবেই। গতকাল রবিবার ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত ‘আওয়ামী লীগের নির্বাচনী ইস্তেহারে মুক্তিযুদ্ধের চেতনা: সরকার ও নাগরিক সমাজের করণীয়’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় আইনমন্ত্রী এ সব কথা বলেন। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাসনামলে কিন্তু সংখ্যালঘু কমিশন গঠনের দাবি ওঠেনি। পঁচাত্তরের পর দীর্ঘ সময় সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হওয়ায় তাদের মধ্যে পুঞ্জীভূত ক্ষোভ থেকে এ দাবি উঠেছে। দীর্ঘ ২১ বছর তারা বিচার পাওয়ার জন্য বিচার বিভাগের কাছেও যেতে পারেনি।
সাবেক বিচারপতি শামসুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, অধ্যাপক মুনতাসীর মামুন ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি সাংবাদিক শাহরিয়ার কবির বক্তৃতা করেন।
