যুবলীগ নেতাকে হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আপডেট : ০২ জানুয়ারি ২০১৬, ১৪:৫৫
ময়মনসিংহের ত্রিশালে এক যুবলীগ নেতাকে কুপিয়ে   হত্যা করেছে দুর্বৃত্তরা। বিচারের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে যুবলীগের নেতা কর্মীরা।
 
শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে পৌরসভার গোহাটা এলাকায় যুব লীগ নেতা পারভেজকে (৩০) দুর্বৃত্তরা কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
 
এ ঘটনার প্রতিবাদে শুক্রবার দিবাগত রাতেই ত্রিশাল উপজেলা যুবলীগের নেতা কর্মীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক আধ ঘণ্টা অবরোধ করে হত্যাকারীদের বিচারের দাবিতে শ্লোগান দেয়। পরে অতিরিক্ত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 
 
নিহত পারভেজ ত্রিশাল পৌরসভার চরপাড়া এলাকার ইব্রাহিমের ছেলে। তিনি পৌরসভার ৩নম্বর ওয়ার্ড যুব লীগের সদস্য ছিলেন বলে জানা গেছে।
 
পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে উপলোর চিকনা মনোহর গ্রামের মৃত আ. আওয়ালের ছেলে মাজহারুল ইসলাম সুমন (২৮) ও একই গ্রামের মৃত সমর আলী ফকিরের ছেলে চাঁন মিয়া (৪৭) নামের দুজন যুব লীগ কর্মীকে আটক করেছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
 
লাশ ময়না তদন্তের পর পৌরসভার কেন্দ্রীয় ঈদগা মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 
 
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।