শত্রুতার বলি লাউ গাছ !

আপডেট : ০২ জানুয়ারি ২০১৬, ১৮:৩২
১৬ শতক জমিতে নিস্তেজ হয়ে পড়ে আছে কঁচি ডগার কয়েক শ লাউ গাছ। প্রতিটি ডগায় ধরেছিল লাউয়ের কড়ি। সদ্য ফোটা ফুলগুলোও চুপসে গেছে। রাতের আধাঁরে গাছের গোড়াগুলো দুর্বৃত্তরা কেটে দেয়ায় এমনটি হয়েছে। শুক্রবার রাতে নেত্রকোনার পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে ।
 
ক্ষেতের মালিক আব্দুল লতিফ জানান, প্রায় দুই মাসে আগে তার বাড়ির পাশের ১৬ শতক জমিতে লাউয়ের আবাদ করেছিলেন। এতে তার খরচ হয়েছিল কয়েক হাজার টাকা। গাছ উঠার জন্য মাচাও বেঁধে দিয়েছিলেন। মাচা জুড়ে গাছগুলো তরতর করে বেড়ে উঠেছিল। প্রতিটি গাছে ধরেছিল অসংখ্য লাউ আর ফুল। কিন্তু প্রতিহিংসার বশবর্তী হয়ে কে বা কারা ফুলগুলোকে লাউয়ে পরিণত হতে দিল না।
 
তিনি বলেন, ‘সকালেও বুঝতে পারিনি গাছগুলো কেটে ফেলা হয়েছে। শনিবার সূর্যের আলো পড়ার সঙ্গে সঙ্গে গাছগুলো যখন নিস্তেজ হয়ে যাচ্ছিল তখন বিষয়টি বুঝতে পারি।’
এ ঘটনায় কারা জড়িত এ সম্পকে তিনি কিছু বলতে পারেননি।
 
জারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম মন্ডল নান্টু ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ‘ঘটনাটি খুবই দুঃখজনক। যে বা যারা ঘটনাটি ঘটিয়েছে, তিনি বা তারা পশুর সমান।’