সিলেট বিভাগের ১৬টি পৌরসভার ২৮ জন মেয়র প্রার্থী নির্বাচনে জামানত হারিয়েছেন। বিভাগীয় অফিস সূত্র জানায়, নির্বাচনে পড়া ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। জামানত বাজেয়াপ্ত হওয়া প্রার্থীদের মধ্যে বিএনপি, জাতীয় পার্টি-জাপা, খেলাফত মজলিস, জাসদ ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীও রয়েছেন।
সিলেট জেলায় ৩টি, সুনামগঞ্জে ৪টি, মৌলভীবাজারে ৪টি ও হবিগঞ্জের ৫টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়। এসব পৌরসভায় মোট ৭৬ জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। জামানত বাজেয়াপ্ত হওয়াদের মধ্যে সিলেট জেলায় ৭ জন, সুনামগঞ্জে ৪ জন, মৌলভীবাজারে ১০ জন এবং হবিগঞ্জ জেলায় ৭ জন মেয়র প্রার্থী রয়েছেন।
সিলেট: কানাইঘাট পৌরসভায় বিএনপি সমর্থিত প্রার্থী রহিম উদ্দিন ভরসা, জাতীয় পার্টি-জাপা সমর্থিত বাবুল আহমদ, খেলাফত মজলিসের ইসলাম উদ্দিন এবং জাসদ সমর্থিত তাজ উদ্দিন জামানত হারিয়েছেন। গোলাপগঞ্জে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আমিনুল ইসলাম, জাপার সুহেদ আহমদ ও খেলাফত মজলিসের আমিনুল ইসলাম আমিন জামানত হারিয়েছেন।
সুনামগঞ্জ: সুনামগঞ্জ পৌরসভায় বিএনপির শেরগুল আহমদ জামানত হারিয়েছেন। দিরাই পৌরসভায় জাপার রফিকুল ইসলাম রফিক সর্দার এবং জাসদের মোজাম্মেল হক জামানত হারিয়েছেন। জগন্নাথপুর পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নুরুল করিমের জামানত বাজেয়াপ্ত হয়েছে।
মৌলভীবাজার: মৌলভীবাজার পৌরসভায় ইসলামী আন্দোলনের মোস্তফা কামাল, ওয়ার্কার্স পার্টির সৌমিত্র সরকার এবং ন্যাশনাল পিপলস পার্টির সৈয়দ সুজাত আলী জামানত হারিয়েছেন। কুলাউড়া পৌরসভায় জাপার মুহিবুর রহমান জামানত হারিয়েছেন। বড়লেখা পৌরসভায় বিএনপির বিদ্রোহী প্রার্থী মতিউর রহমান এবং জাপার মীর মোহাম্মদ মুজিবুর রহমান জামানত হারিয়েছেন। কমলগঞ্জ পৌরসভায় জামানত হারিয়েছেন জাপার রফিকুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী প্রভাষক নজরুল ইসলাম, মাসুক মিয়া এবং হাসিন আফরোজ চৌধুরীর।
হবিগঞ্জ: হবিগঞ্জ পৌরসভায় ইসলামী আন্দোলনের আবদুল কাইয়ুম, ন্যাশনাল পিপলস পার্টির আবদুল কাদির, শায়েস্তাগঞ্জ পৌরসভায় ন্যাশনাল পিপলস পার্টির খালেদা আক্তার, স্বতন্ত্র প্রার্থী প্রভাষক জালাল উদ্দিন রুমী, নবীগঞ্জ পৌরসভায় জাপার মাহমুদ চৌধুরী এবং স্বতন্ত্র প্রার্থী জুবায়ের আহমদ চৌধুরী জামানত হারিয়েছেন।
সিলেট বিভাগীয় নির্বাচন কর্মকর্তা এসএম এজহারুল হক ২৮ মেয়র প্রার্থীর জামানত বাজেয়াপ্তের বিষয়টি নিশ্চিত করেছেন ।
