কেরাণীগঞ্জে গুলিতে চাচা-ভাতিজা আহত

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৬, ১১:৪০
ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের দুর্বৃত্তদের ছোড়া গুলিতে চাচা-ভাতিজা গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। তবে কে বা কারা কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ। আহত চাচা শাহাবুদ্দীন (৪০) ও ভাতিজা আলী হোসেন (২০) উপজেলার মডেল থানার বালুয়ারটেক গ্রামের বাসিন্দা। 
 
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, শনিবার বিকালে দক্ষিণ কেরাণীগঞ্জের আবদুল্লাপুর এলাকায় এ ঘটনা ঘটে। 
 
আহত শাহাবুদ্দীনের বরাত দিয়ে ওসি মনিরুল জানান, শনিবার বিকালে তারা দুজনই পুরান ঢাকার নয়াবাজার থেকে বাড়ি ফেরার পথে আবদুল্লাপুর এলাকায় আসলে তিনটি মোটরসাইকেল যোগে কয়েকজন দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে শাহাবুদ্দীনের কাঁধে ও আলী হোসেনের পেটে গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। 
 
আহত শাহাবুদ্দীন বিপদ মুক্ত থাকায় চিকিৎসা নিয়ে শনিবার দিবাগত রাতে বাড়ি চলে যান ও আলী হোসেনের অবস্থা এখনো বিপদজনক বলে ঢাকা মেডিকেলে ভর্তি রাখা হয়েছে। 
 
এঘটনায় মৌখিক অভিযোগ পাওয়া গেছে। মামলা করলে মামলা নেয়া হবে। তবে  কে বা কারা কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে ওসি মনিরুল ইসলাম জানান।