ঢাকার কেরাণীগঞ্জে পুকুর থেকে এক কিশোরের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে পরিকল্পিতভাবে কয়েকজন মিলে কুপিয়ে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। নিহত মো. ফেরদৌস (১৫) উপজেলার বাঁকাচড়াইল গ্রামের নায়েব আলীর ছেলে।
কেরাণীগঞ্জ মডেল থানার ওসি ফেরদৌস হোসেন জানান, শুক্রবার দিবাগত রাতে এ ঘটনায় জড়িত প্রধান আসামি মো. সাগর (১৮) নামের স্থানীয় এক তরুণকে গ্রেফতার করার পর তার দেয়া তথ্য মতে রাত ২টার দিকে উপজেলার সাতগাঁও এলাকার একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, গত ২৫ ডিসেম্বর রাতে বাসা থেকে বেড়িয়ে আর বাড়ি ফিরেনি ফেরদৌস। অনেক খোঁজাখুজি করেও তার খোঁজ না পেয়ে তার পরিবার পরের দিন থানায় একটি সাধারণ ডায়েরি করে। পরে বিষয়টি নিয়ে অনেক তদন্ত করার পর শুক্রবার দিবাগত রাতে নিখোঁজের ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয় ওই তরুণকে আটকের পর তার দেয়া তথ্য মতে রাত ২টার দিকে একটি পুকুর থেকে ওই কিশোরের গলিত লাশ উদ্ধার করে থানায় এনে সুরতহাল প্রতিবেদন শেষে শনিবার সকালে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ওসি আরও জানান, শনিবার সকালে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাগর কয়েকজনকে নিয়ে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফেরদৌসকে পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পরে শনিবার বিকালে সাত দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে ও জড়িত বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
