গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়ক থেকে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত সর্দার মাহফুজসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার চাপ্তা হটিক্যালচার সেন্টারের দক্ষিণ পাশে মহাসড়কের উপর গাছ কেটে ফেলে বেরিকেট দিয়ে ১৪-১৫জনের একটি ডাকাত দল বাস ডাকাতির প্রস্তুতি নেয়। এসময় গোপন সংবাদ পেয়ে কাশিয়ানী থানার পুলিশ অভিযান চালিয়ে ৫ ডাকাতকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ডাকাতরা হলেন- সালথা উপজেলার ফুরবাড়িয়া গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে ডাকাত সর্দার মাহফুজ মিয়া ( ২২), একই উপজেলার আলমপুরা গ্রামের ওয়াজেদ শেখের ছেলে রাসেল শেখ (২৫), কাশিয়ানী উপজেলার চাপ্তা গ্রামের ছাকেন শেখের ছেলে নাদিম শেখ (৩৫), ছায়েন শেখের ছেলে জসিম শেখ (২৮) ও মোক্তার শেখের ছেলে সাইফুল শেখকে (৩৫)।
এ সময় তাদের কাছ থেকে ছুরি, রামদা এবং দেশিয় অস্ত্রসহ জব্দ করা হয়।
কাশিয়ানী থানার অফিসার ইনজার্চ মো. মনিরুল ইসলাম জানান, মাহফুজ একজন চিহ্নিত ডাকাত। তার বিরুদ্ধে কাশিয়ানী থানাসহ বিভিন্ন থানায় ডাকাতিসহ একাধিক অপরাধমূলক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কাশিয়ানী থানায় ডাকাতি মামলা রুজু করে তাদের সাত দিনের রিমান্ড চেয়ে কারাগারে পাঠানো হয়েছে।
